বিনোদন ডেস্ক: মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া। গত ১০ নভেম্বর পরোয়ানা জারি করা হলেও এ তথ্য জানা যায় রবিবার (১৬ নভেম্বর) দুপুরে।
পারিবারিক ব্যবসার পার্টনার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। মামলার নির্ধারিত হাজিরার তারিখ ১০ নভেম্বর থাকলেও আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। এ কারণে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন।
মামলা সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন চৌধুরী তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার আশ্বাস দেন। এ প্রলোভনে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘসময় পার হলেও কোনো ব্যবসায়িক উদ্যোগ না নেওয়ায় বাদী টাকা চাইলে বিভিন্ন অজুহাতে তা ফেরত দিতে গড়িমসি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

