রুহিন ইসলাম, সিলেট প্রতিনিধি : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমে দলবদলের বড় চমক—খুলনা টাইগার্স ছেড়ে সিলেট টাইটান্সে যোগ দিচ্ছেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ।
ড্রাফট শুরুর আগেই সরাসরি চুক্তির মাধ্যমে তাদের দলে নিয়েছে সিলেট টাইটান্স। ফ্র্যাঞ্চাইজিটির নির্ভরযোগ্য একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে, যা প্রথম প্রকাশ করে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জি।
গত তিন মৌসুমে বিপিএলে সিলেটের প্রতিনিধিত্ব করেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে তারা আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা নবায়নে আগ্রহ না দেখানোয়, নতুন মালিক হিসেবে উঠে আসে ‘ক্রিকেট উইথ সামি’—বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, যারা দীর্ঘদিন ধরে জাতীয় ও ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে কাজ করছে।
বিসিবি গত মাসে যখন নতুন ফ্র্যাঞ্চাইজির দরপত্র আহ্বান করে, তখন আবেদন করে প্রতিষ্ঠানটি। প্রাথমিক যাচাই-বাছাই ও আর্থিক স্বচ্ছতা যাচাই শেষে ‘ক্রিকেট উইথ সামি’ সিলেটের মালিকানা পায়। নতুন পরিচয়ে দলটির নাম রাখা হয়েছে সিলেট টাইটান্স।
আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের খেলোয়াড় ড্রাফট। তবে তার আগেই মিরাজ ও নাসুমকে দলে টেনে নিয়েছে সিলেট টাইটান্স। ফ্র্যাঞ্চাইজিটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মিরাজকে দলটির অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
খুলনার হয়ে গত আসরে ব্যাট হাতে ৩৩৫ রান ও বল হাতে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন মিরাজ। অন্যদিকে জাতীয় দলের নিয়মিত মুখ নাসুম আহমেদও গত আসরে নিয়েছিলেন ১৩ উইকেট, ছিলেন দারুণ ছন্দে।
সিলেট টাইটান্সের হয়ে এবার এই দুই তারকা কেমন পারফর্ম করেন—এটাই এখন বিপিএল ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

