বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি (বরিশাল) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারণা দিন দিন গতি পাচ্ছে। জেলার অন্যতম সদস্য ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে মাধবপাশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে জোরেশোরে।
বৃহস্পতিবার ০৯ অক্টোবর সকাল থেকে শুরু হওয়া এই প্রচারণায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন। তারা ঘরে ঘরে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং জনগণের কাছে বিএনপির সম্ভাব্য প্রার্থী বেগম সেলিমা রহমানের পক্ষে ভোট চান।
ইসরাত হোসেন কচি বলেন, “দেশের মানুষ আজ পরিবর্তন চায়। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমরা মাঠে নেমেছি। বিএনপি নেতা-কর্মীরা সেলিমা রহমানের পক্ষে ঘরে ঘরে যাচ্ছেন—এটাই আমাদের শক্তি।”
প্রচারণায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন, রহমতপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর সরদার, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মিলন খান, কৃষক দলের আহ্বায়ক রতন তালুকদার, মিরাজ সরদার, দেলোয়ার হোসেন, যুবদল নেতা রিয়াজ হোসেন ও আরিফ হোসেন ওমর, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, ছাত্রদল নেতা রানা, শ্রমিক দলের সাবেক সভাপতি মান্নান হাওলাদার, তাতিদল সভাপতি জামাল পারভেজ, জিয়া মঞ্চের উপজেলা আহ্বায়ক বাহাদুর তালুকদার ও জিয়া মঞ্চের সদস্য রমজান প্রমুখ।
এছাড়া মাধবপাশা ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও তাতিদলের স্থানীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণের পাশাপাশি নেতাকর্মীরা স্থানীয় চা দোকান, বাজার ও বাড়ি-বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গঠনে ব্যস্ত সময় পার করেন। তারা সাধারণ মানুষের মাঝে দলের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরে বেগম সেলিমা রহমানকে পরবর্তী সংসদ নির্বাচনে জয়ী করার আহ্বান জানান।
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসরাত হোসেন কচির নেতৃত্বে বাবুগঞ্জে বিএনপির মাঠপর্যায়ের কর্মীরা নতুন উদ্যমে সংগঠিত হচ্ছেন। দীর্ঘদিন পর এমন সক্রিয় প্রচারণা এলাকাজুড়ে নির্বাচনী উত্তাপ সৃষ্টি করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫