টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হোয়াইক্যং ঢালার ভিতরে এক সিএনজি চালককে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেছে।
জানা গেছে, আজ শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকাল ৬টার দিকে হোয়াইক্যং থেকে শামলাপুর বাজারে যাত্রাকালে ঢালার ভিতরের গহীন পাহাড়ি এলাকায় “প্রকাশ (সোনালী ব্যাংক)” নামক স্থান থেকে একদল অস্ত্রধারী ডাকাত সিএনজি চালককে অপহরণ করে।
অপহৃত ব্যক্তির নাম পাভেল চাকমা (৪০), পিতা চন্দ্র মনি চাকমা। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিখোলা এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে অপহরণকারীরা পাভেলের মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এবং হুমকি দেয়, দাবি না মানলে তাকে হত্যা করা হবে।
এ ঘটনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দূর্জয় বিশ্বাস তাৎক্ষণিকভাবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে টেকনাফ মডেল থানা ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের যৌথ উদ্যোগে সকাল থেকেই অভিযান শুরু করা হয়।
ইনচার্জ দূর্জয় বিশ্বাস বলেন,আমরা পাভেল চাকমাকে উদ্ধারে অভিযান শুরু করেছি। যতক্ষণ না তাকে উদ্ধার করা যায়, ততক্ষণ এই অভিযান চলবে।
এদিকে এই অপহরণ ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে পাভেলকে নিরাপদে উদ্ধার এবং দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫