
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিলেন, তা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চেম্বার বিচারপতি এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী ব্যারিস্টার শিশির মনির।
শিশির মনির জানান, হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এর ফলে ডাকসু নির্বাচনের পথে আর কোনো আইনি বাধা থাকলো না।
এর আগে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ মো. তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
তফসিল অনুযায়ী, ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ৯ সেপ্টেম্বর।
উল্লেখ্য, এস এম ফরহাদ ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ নামের একটি প্যানেলের জিএস প্রার্থী। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫