নিজস্ব প্রতিনিধি: ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।
ভারতীয় ইমিগ্রেশন সূত্র জানায়, জুবায়ের হোসেন বাংলাদেশ থেকে ভারতে না গিয়েও ইমিগ্রেশন সিল জালিয়াতির মাধ্যমে ভুয়া গমন দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে গেদে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরবর্তীতে বাংলাদেশে দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই তুহিন হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর বলেন, “আটক জুবায়ের হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।”
জানা গেছে, জুবায়ের হোসেন বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। তবে ভারতে অবস্থানকালে তিনি ভুয়া বাংলাদেশি ইমিগ্রেশন সিল ব্যবহার করে জাল গমন দেখান বলে অভিযোগ রয়েছে।

