ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

শিশুদের ‘নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত

এন. এইচ. এম.জুনায়েদ সিদ্দিকী
অক্টোবর ১০, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি | এন.এইচ.এম. জোনায়েদ সিদ্দিকী: আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। শিশু অধিকার, শিক্ষা প্রসার এবং জলবায়ু ন্যায়বিচার নিয়ে তাঁর কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রমের জন্য এই স্বীকৃতি পেয়েছেন মাত্র ১৫ বছর বয়সী এই কিশোর।

সুদীপ্ত দেবনাথ ২০২৫ সালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। তিনি শহরের মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথের একমাত্র সন্তান।

নেদারল্যান্ডসভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের অধিকার নিয়ে কাজ করা কিশোরদের এই আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে। এই পুরস্কারকে শিশুদের জন্য ‘নোবেল’ পুরস্কার বলেই বিবেচনা করা হয়।

গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার রক্ষায় কাজ করছেন সুদীপ্ত। বাল্যবিবাহ, শিশুশ্রম, শিক্ষাবঞ্চনা ও অনলাইন নিরাপত্তা—এই চারটি ইস্যু নিয়ে তিনি কাজ করেছেন অনলাইন এবং মাঠপর্যায়ের উভয় স্তরে। তাঁর উদ্যোগে একাধিক বাল্যবিবাহ বন্ধ হয়েছে এবং অনেক পরিবার তাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাতে শুরু করেছে।

শুধু মাঠপর্যায়েই নয়, ডিজিটাল মাধ্যমেও সক্রিয় ভূমিকা রেখেছেন সুদীপ্ত। তিনি ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণা এবং ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকার ও সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন। তাঁর উদ্যোগে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন কর্মশালা আয়োজন করা হয়েছে স্থানীয় পর্যায়ে।

মনোনয়ন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে সুদীপ্ত বলেন,
“আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরও বড় পরিসরে শিশুদের কল্যাণে কাজ করতে চাই।”

তরুণ বয়সেই সুদীপ্ত যে সামাজিক পরিবর্তনের পথে নিজেকে নিয়োজিত করেছেন, তা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। তাঁর এই মনোনয়ন শুধু সাতক্ষীরার জন্য নয়, বরং গোটা বাংলাদেশের জন্য এক গর্বের বিষয়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।