
একাধিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য বোর্ড সভা ডেকেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)। আজ বুধবার (৪ জুন) এনটিআরসিএর সভাকক্ষে এ সভা টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে NTRCA-এর সচিব এ এম এম রিজওয়ানুল হক গণমাধ্যমকে বলেন, ‘বুধবার আমাদের বোর্ডের সভা রয়েছে। সভায় নানা বিষয় নিয়ে আলোচনা হবে।’
NTRCA-এর একটি সূত্র জানিয়েছে, বোর্ড সভায় ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ছাড়া ২০২৫-২৬ অর্থ বছরের NTRCA-এর বাজেট, ১৯তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা কীভাবে হবে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে এসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে NTRCA-এর এক কর্মকর্তা জানান, ‘আলোচনায় অনেক কিছুই থাকবে। কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে অধিকাংশ বিষয়গুলো আলোচনা পর্যায়েই থাকবে। ১৮তম নিবন্ধনের ফল প্রকাশ, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি, ১৮তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্বদের আবেদন জটিলতাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’
১৮তম শিক্ষক নিবন্ধনের ফল হতে পারে আগামীকাল
এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজ অথবা আগামীকাল প্রকাশ করা হতে পারে। NTRCA-এর বোর্ড সভায় এ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ অথবা আগামীকাল এ নিবন্ধনের ফল প্রকাশ করা হবে।
এ বিষয়ে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক গণমাধ্যমকে বলেন, ‘কোন সময় ফল প্রকাশিত হবে সেটি স্পষ্টভাবে বলা যাচ্ছে না। সবকিছু ঠিক থাকলে অর্থাৎ টেকনিক্যাল কোনো সমস্যা না হলে ঈদের আগেই ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশিত হবে।’
আরো পড়ুন: আরবি বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে পরিবর্তন আসছে: ইআবি উপাচার্য
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫