সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ফুলবাড়িতে প্রতিরোধ কমিটির যৌথ সভা।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান এবং ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, এনসিপি নেতা নাজমুল ফেরদৌস লাভলু, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, বিজিবির প্রতিনিধি, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী আনন্দ এবং ফুলবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মাহফুজ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুলসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
