আশুলিয়া (ঢাকা), প্রতিবেদক: ঢাকার আশুলিয়ায় একটি শ্রমিক সংগঠনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের।
অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকার সমির সুপার মার্কেটে অবস্থিত জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি ও বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সংগঠনের কর্মী দুলালী আক্তার ও আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মামুন মন্ডল (৪৫) ও আব্দুস সালাম (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন দীর্ঘদিন ধরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে।
ভুক্তভোগীদের দাবি, বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে। এ সময় দুলালী আক্তারের সঙ্গে অসদাচরণ করা হয় বলেও অভিযোগ রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে নাজমুল হকের ওপর হামলা চালানো হয় এবং তার কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে দুলালী আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। চাঁদা না দেওয়ায় অফিসে হামলা চালানো হয়েছে।”
নাজমুল হক বলেন, “অফিসে হামলার খবর পেয়ে গেলে আমাকে মারধর করা হয় এবং আমার কাছে থাকা টাকা নিয়ে যায়।”
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ বলেন, “কিছুদিন ধরে আমার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।”
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ বলেন, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫