সংঘর্ষের পর থমথমে ডুয়েট ক্যাম্পাস, দায়িত্ব নিলেন নতুন ভিসি
টানা চার ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষের পর গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থার মধ্যেই রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব জানান, সংঘর্ষের ঘটনায় পুরো ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। পরে বিদায়ী ভিসি অধ্যাপক ড. জয়নাল আবেদীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নতুন ভিসি।
এর আগে, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলনে নামে একদল শিক্ষার্থী। আন্দোলন ঘিরে ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৭ জন আহত হন।
গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এর প্রতিবাদে শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভ মিছিল করে এবং ঢাকা-শিমুলতলী সড়কে আগুন জ্বালিয়ে আন্দোলন চালায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নবনিযুক্ত ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্যানারও টানানো হয়।
এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্রশিবির। ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ছাত্রশিবির সংশ্লিষ্টরা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। অন্যদিকে ছাত্রশিবির অভিযোগ করেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগতদের হামলা চালানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।