নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আইনমন্ত্রী আসাদুজ্জামান
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (২৪ মে) নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আগমন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপম ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপাচার্যের কার্যালয়সংলগ্ন সম্মেলনকক্ষে আইনমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাঁকে বিশ্ববিদ্যালয়ের স্যুভেনির ও ‘জুলাই ২০২৪’ প্রকাশনা উপহার দেওয়া হয়।
সভায় পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস, একাডেমিক কার্যক্রম এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।
মতবিনিময়কালে উপাচার্য মোহাম্মদ মোশারফ হোসেন আইনমন্ত্রী, তাঁর সহধর্মিণী ও কন্যাসহ উপস্থিত অতিথিদের স্বাগত জানান। তিনি বলেন, আইনমন্ত্রীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় পরিবার সম্মানিত হয়েছে। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, এই বিশ্ববিদ্যালয় সংস্কৃতির একটি উৎস, যেখান থেকে বিভিন্ন ধরনের শিল্পী তৈরি হবে। তিনি উপস্থিত ছাত্রদলের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচি মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সফরের সময় জনবল কমিয়ে দিয়েছেন এবং বিভিন্ন সুযোগ–সুবিধা সীমিত করেছেন, এসব বিষয় জনগণকে জানানো প্রয়োজন।
এ সময় রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার প্রত্যয়ও ব্যক্ত করেন আইনমন্ত্রী।
সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৫ মে ত্রিশাল সফরে আসার কথা থাকলেও ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের সুবিধার কথা বিবেচনা করে তিনি ২৩ মে ত্রিশাল সফর করেন। বিভিন্ন কর্মসূচি থাকায় বিশ্ববিদ্যালয়ে আসার সুযোগ হয়নি। তবে ভবিষ্যতে সুতিয়া নদীর দুই তীরে নির্মিতব্য পার্ক উদ্বোধনের জন্য তাঁকে আনার পরিকল্পনার কথা জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী এবং ময়মনসিংহের সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।