প্রকাশকাল: ২৫ মে ২০২৬
ডাউনলোড: ২৫ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ‘কুরবানি উৎসব-২০২৬’ আয়োজন।

আজিজুল হক

ঈদে বাড়ি না যাওয়া শিক্ষার্থীদের জন্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদে বাড়ি যেতে না পারা শিক্ষার্থীদের জন্য ‘কুরবানি উৎসব-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হবে।

রোববার (২৪ মে) রাতে সংগঠনটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্যাগ, কুরবানি, তাকওয়া ও ভ্রাতৃত্বের মহান শিক্ষাকে সামনে রেখে ঈদুল আজহার আনন্দ ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন কারণে ঈদে নিজ বাড়িতে যেতে পারবেন না, তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই আয়োজন।

সংগঠনটি জানায়, ঈদের পরদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু কুরবানি করা হবে। পরে কুরবানির মাংস শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পাসে দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তারক্ষীসহ সংশ্লিষ্টদের মাঝেও কুরবানির মাংস বিতরণের পরিকল্পনা রয়েছে।

আয়োজনকে সুশৃঙ্খল ও কার্যকর করতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের আগামী ২৬ মে’র মধ্যে গুগল ফর্মের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন বলেন, “আমাদের কুরবানির আয়োজনটি ঈদের পরের দিন অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও ঈদে বাড়ি যেতে না পারা শিক্ষার্থীদের জন্য কুরবানির ব্যবস্থা করা হয়েছে। যারা ঈদের সময় ক্যাম্পাসে অবস্থান করবে, তাদের কাছে কুরবানির মাংস পৌঁছে দিতে একটি গুগল ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “শুধু শিক্ষার্থীরাই নয়, ক্যাম্পাসে দায়িত্ব পালনরত কর্মচারী, নিরাপত্তারক্ষীসহ সংশ্লিষ্ট সবার কাছেও কুরবানির মাংস পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে।”

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে এ আয়োজন ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।