আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষায় তামীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য
ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) আয়োজিত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী শাখা। পরীক্ষায় অংশ নেওয়া ২২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন কৃতিত্বের সঙ্গে বৃত্তি লাভ করেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ট্যালেন্টপুলে ৩ জন, জেনারেল গ্রেডে ১০ জন এবং স্পেশাল গ্রেডে ৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এ সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও শিক্ষাক্ষেত্রে নিজেদের মেধা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
এ উপলক্ষে সম্প্রতি এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মানী প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান। তিনি শিক্ষার্থীদের এই অর্জনে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর ভিপি, জেনারেল সেক্রেটারিসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মাদরাসা কর্তৃপক্ষের দক্ষ পরিচালনা, শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই কৃতিত্বে মাদরাসা পরিবারে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের মধ্যে এ অর্জন নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।