তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা, অনুপ্রেরণামূলক বক্তব্য এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ ড. আবুল কালাম আজাদ বাশার, হেড মুহাদ্দিস, মাদিনাতুল উলুম কামিল মাদরাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শাহ ওলিউর রহমান চিশতি এবং ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আজহারী। স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আবদুল্লাহ আল মামুন।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মতিউল ইসলাম। এছাড়া আলোচনা করেন দারুল ফালাহ ছালেহিয়া সাহেব আলী ফাজিল মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল এবং আলিম পরীক্ষা-২০২৬-এর হল সচিব আলহাজ আবু জাফর মো. ছাদেক হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শায়খ ড. আবুল কালাম আজাদ বাশার বলেন, “আলিম পরীক্ষা শুধু একটি একাডেমিক মূল্যায়ন নয়, এটি একজন শিক্ষার্থীর জ্ঞান, নৈতিকতা ও আত্মবিশ্বাসেরও পরীক্ষা। সফল হতে হলে নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। শিক্ষার্থীদের মনে রাখতে হবে, ইলম অর্জনের পথ কেবল সনদ পাওয়ার জন্য নয়; বরং নিজেকে একজন আদর্শ মানুষ ও দ্বীনের খাদেম হিসেবে গড়ে তোলার জন্য। তাই পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি আমল, শৃঙ্খলা ও আত্মশুদ্ধির প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।”
অনুষ্ঠানে আলিম পরীক্ষার্থীদের সম্পাদিত “Reviving of Lost Glory” শীর্ষক দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।
এসময় মানপত্র পাঠ করেন আলিম পরীক্ষার্থী ও মেধাবী শিক্ষার্থী লুৎফর রহমান। শিক্ষার্থীদের মধ্য থেকে আরও বক্তব্য দেন মাহদি হাসান, আর ইংরেজিতে বক্তব্য উপস্থাপন করেন খাইরুল বাশার।
অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দায়িত্বশীল, তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সবশেষে প্রধান অতিথি ও প্রধান আলোচক শায়খ ড. আবুল কালাম আজাদ বাশার পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।