প্রকাশকাল: ৩০ জুন ২০২৬
ডাউনলোড: ৩০ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আজিজুল হক

পরিবেশ সংরক্ষণ, প্রকৃতিপ্রেম, নন্দনচর্চা এবং বাংলাদেশ সরকারের ২০২৬-২০৩০ মেয়াদে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও বিজ্ঞান ভবন সংলগ্ন এলাকায় বিরল প্রজাতির লাল তেঁতুল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমরা পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। বিশেষজ্ঞ দলের পরামর্শে বিভিন্ন প্রজাতির গাছের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী বৃক্ষরোপণ করলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরও মনোরম হবে এবং ভবিষ্যতে গাছ কাটার প্রয়োজনও কমে আসবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে লাল তেঁতুল ছাড়াও পলাশ, পারুল ও রক্তচন্দনের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সরওয়ার মুর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তারিক মনজুর, প্রফেসর ড. তারানা নুপুর, প্রফেসর ড. ফারহানা শাহরিন, প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস, ড. তানিয়া আক্তার, গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।