প্রকাশকাল: ২৮ জুলাই ২০২৬
ডাউনলোড: ২৮ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আজ

পেজ দ্যা নিউজ ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আজ মঙ্গলবার (২৮ জুলাই) থেকে শুরু হচ্ছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা ২৭ জুলাই শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে প্রথম দিনের পরীক্ষা একদিন পিছিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী, পরিবর্তিত তারিখটি ২১১৫২১ ও ২১১৫০১ পত্রকোডের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য। প্রথম দিনের পরীক্ষায় ‘বাংলাদেশের ইতিহাস: ভাষা, সংস্কৃতি ও পরিচয়’ (নতুন সিলেবাস) এবং ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ (পুরাতন সিলেবাস) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর জানিয়েছে, আইসিটি (কোড: ২১৬৬০১) বিষয়ের পরীক্ষা ছাড়া অন্য সব পরীক্ষা প্রতিদিন বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে। তবে আগামী ৪ আগস্ট অনুষ্ঠিতব্য আইসিটি বিষয়ের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে বেলা ২টায় শুরু হবে।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, অনার্স প্রথম বর্ষের লিখিত পরীক্ষা আগামী ২০ সেপ্টেম্বর শেষ হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় পরে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পরীক্ষা শুরু হওয়ার পর কক্ষে প্রবেশে বিধিনিষেধ থাকতে পারে উল্লেখ করে প্রয়োজনীয় তথ্যের জন্য নিজ নিজ কলেজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।