প্রকাশকাল: ৩১ জুলাই ২০২৬
ডাউনলোড: ৩১ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ফাজিল অনার্স পরীক্ষার্থীদের নিয়ে তামীরুল মিল্লাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ফাজিল অনার্স পরীক্ষাকে সামনে রেখে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী ক্যাম্পাসে ফাজিল অনার্স (১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ) শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর মাদ্রাসার ভাষা ইনস্টিটিউট ভবনের দ্বিতীয় তলায় তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাকসুর ফাজিল-কামিল শাখার দায়িত্বশীল আব্দুল আহাদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন টাকসুর সহ-সভাপতি (ভিপি) মঈনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হেড মুহাদ্দিস ড. মোয়াজ্জেম হোসেন আল-আজহারী। এছাড়া টাকসুর অফিস সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মঈনুল ইসলাম বলেন, “বর্তমানে দেশে যোগ্য আলেমের সংকট রয়েছে। তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) এই ক্যাম্পাস থেকে যোগ্য আলেম তৈরিতে কাজ করে যাচ্ছে।” তিনি শিক্ষার্থীদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হলেও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রত্যাশিত সাড়া পাওয়া যাচ্ছে না।

পরে প্রধান অতিথি মাওলানা মিজানুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং আসন্ন পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, আগামী ২ আগস্ট ২০২৬ থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশে ফাজিল অনার্স শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে। এ বছর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাসের বালক ও বালিকা শাখা মিলিয়ে প্রায় ৭০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।