ব্রাহ্মণবাড়িয়ায় ‘বই পড়ি, দেশ গড়ি’ কর্মসূচির উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ‘বই পড়া কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ‘বই পড়ি, দেশ গড়ি’ নির্দেশনার আলোকে জেলা প্রশাসনের উদ্যোগে এবং ‘অ আ ক খ’-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। তিনি শিক্ষার্থীদের বই পড়ার গুরুত্ব, মানবিক মূল্যবোধের বিকাশ এবং স্বপ্ন বাস্তবায়নে পাঠাভ্যাসের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব কর্মসূচির বিভিন্ন দিক ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন।
‘অ আ ক খ’-এর সংগঠক শেখ ফাতিমা পাপিয়া বলেন, “বই পড়ার মাধ্যমে আমরা সাহিত্যের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারি এবং মানুষের মধ্যে বন্ধুত্ব ও মানবিক বন্ধন আরও দৃঢ় করতে পারি।”
আয়োজকরা জানান, ষষ্ঠ শ্রেণি থেকে মাস্টার্স পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে তিনটি বিভাগে এ কর্মসূচি পরিচালিত হবে। নির্বাচিত বই পড়ে লিখিত, মৌখিক ও উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করা হবে। উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঠক নির্বাচন করে তাদের আকর্ষণীয় পুরস্কার ও সনদ প্রদান করা হবে।
জেলা প্রশাসন এ কর্মসূচি সফল করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।