প্রকাশকাল: ৮ আগস্ট ২০২৬
ডাউনলোড: ১০ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ৯ নভেম্বরের মধ্যে

পেজ দ্যা নিউজ ডেস্ক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পর আগামী ৯ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

শনিবার (৮ আগস্ট) নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির কয়েকটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পরীক্ষাও অনুষ্ঠিত হয়। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল ও বিএমটির তাত্ত্বিক পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে।

তবে বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ফলে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পরই ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে। এরপর ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে। সে হিসেবে আগামী ৯ নভেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। এতে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে। এবার দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।