মাদারগঞ্জে হলি চাইল্ড একাডেমির ক্রীড়া উৎসব: ট্রাইবেকারে ২-০ গোলে জয়ী চতুর্থ শ্রেণি
জামালপুরের মাদারগঞ্জে হলি চাইল্ড একাডেমি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে উত্তর মাদারগঞ্জে হলি চাইল্ড একাডেমির গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হলি চাইল্ড একাডেমির প্রিন্সিপাল মাহবুবুর রহমান, তিনি বলেন: শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বিদ্যালয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।
হলি চাইল্ড একাডেমির প্রধান শিক্ষক আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।
হলি চাইল্ড একাডেমি সহকারী শিক্ষক আশিকুর রহমান বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাবের পাশাপাশি বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হয়। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পুরো টুর্নামেন্ট সম্পন্ন করতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন হলি চাইল্ড একাডেমি সহকারী শিক্ষক,খোরশেদ,খাইরুল, হারুনুর রশিদ, সেলিম,তাজেল, শাহিনুর, মনিরা, সুজেদা, উষা, রোকসানা, সিমা, স্মৃতি, শাবানাসহ প্রমুুখ।
খেলায় চতুর্থ শ্রেণির দল পঞ্চম শ্রেণির দলকে ট্রাইবেকারে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। জমজমাট এ ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত চতুর্থ শ্রেণির খেলোয়াড়দের নৈপুণ্যে দুই গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয়।
খেলা শেষে বিজয়ী চতুর্থ শ্রেণির দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এ সময় বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করাই এ গোল্ডকাপ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।