প্রকাশকাল: ৬ সেপ্টেম্বর ২০২৬
ডাউনলোড: ৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় ‘আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

মির্জা নাদিম

যুক্তির আলোয় খোলুক চিন্তার দুয়ার—এই স্লোগানকে সামনে রেখে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব-২০২৬’। রবিবার (৬ সেপ্টেম্বর) জুনিয়র ও সিনিয়র—দুই গ্রুপে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণী দক্ষতা ও বাকশৈলীর প্রাণবন্ত উপস্থাপনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ফাইনাল পর্বে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল।

জুনিয়র গ্রুপের ফাইনালের মোশন ছিল—‘পারিবারিক শিক্ষাই ইসলামী মূল্যবোধের মূল ভিত্তি’।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্কে বিরোধী দল বিজয়ী হয়। সিনিয়র গ্রুপের ফাইনালের মোশন ছিল—‘পশ্চিমা সংস্কৃতি নৈতিক শিক্ষার জন্য ক্ষতিকর’। এ পর্বেও বিরোধী দল জয় লাভ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ। এ সময় মাজালিসুল ইলমের পরিচালক আবু নাঈম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়াসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

বিতর্কের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন এশিয়ান ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল ও উত্তরা ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম। স্পিকার ছিলেন তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি জেনারেল তৌফিক আহমেদ।

সমাপনী পর্বে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের বিতার্কিকদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার পাশাপাশি মুক্তচিন্তা, যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও শালীন বাকশৈলী চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায়ও তানযীমুল উম্মাহ ডিবেটিং ক্লাবের রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। ২০২৫ সালে এটিএন বাংলা জাতীয় ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২০২৩ সালে ব্র্যাক-এনডিএফ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয় প্রতিষ্ঠানটির বিতার্কিকরা। এছাড়া ২০১৬ ও ২০১৮ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দুবার বেস্ট অ্যাওয়ার্ড অর্জন করে ক্লাবটি।

একাডেমিক ক্ষেত্রেও সাফল্যের ধারা অব্যাহত রয়েছে প্রতিষ্ঠানটির। চলতি ২০২৬ সালের মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে শতভাগ পাসের পাশাপাশি ৫৮ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। বিজ্ঞান বিভাগে ১ হাজার ৩২৭ নম্বর পেয়ে বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার শিক্ষার্থী কাজী মোহাম্মদ আব্দুল্লাহ।