নতুন স্বপ্ন ও প্রত্যাশায় গুরুদয়াল সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন বরণ
গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স প্রথম বর্ষ (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মুহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফেরদৌস আহম্মদ ভূইয়া।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের নতুন শিক্ষাজীবনের সফলতা কামনা করেন।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। কলেজজীবনকে জ্ঞান অর্জন ও নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করে তারা শিক্ষার্থীদের লক্ষ্যনিষ্ঠ হওয়ার পরামর্শ দেন।
নবীন বরণকে ঘিরে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও নতুন কিছু করার প্রত্যাশা। একই সঙ্গে সিনিয়র শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনা তাদের নতুন পরিবেশে আপন করে নেওয়ার অনুভূতি তৈরি করে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নতুন শিক্ষার্থীদের জন্য দিনটি ছিল কলেজজীবনের একটি স্মরণীয় সূচনা। নতুন সহপাঠী, নতুন শিক্ষক ও নতুন পরিবেশের সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে তারা শুরু করল উচ্চশিক্ষার নতুন অধ্যায়। অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটি সুন্দর সেতুবন্ধন।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে নবীন বরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।