প্রকাশকাল: ৩১ অক্টোবর ২০২৬
ডাউনলোড: ১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত জিপিএ লাগবে, বিস্তারিত জেনে নিন

পেজ দ্যা নিউজ ডেস্ক

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিগত কয়েক বছরের তুলনায় এবার পাসের হার কম হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার যোগ্যতা অর্জন করতে পেরেছেন কি না, তা নিয়ে চিন্তায় রয়েছেন উত্তীর্ণ শিক্ষার্থীরা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম নভেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের যোগ্যতা নির্ধারণে এসএসসি ও এইচএসসির জিপিএ এবং পৃথক পরীক্ষার ফলের শর্তে রয়েছে ভিন্নতা।

প্রকাশিত তথ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা ও প্রাথমিক ঘোষণার ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য প্রয়োজনীয় জিপিএর তথ্য তুলে ধরা হলো—

ঢাকা বিশ্ববিদ্যালয়:

বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ ৮ এবং পৃথকভাবে কমপক্ষে ৩ দশমিক ৫০ থাকতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং পৃথকভাবে ৩ থাকতে হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটেও বিভাগভেদে একই জিপিএ শর্ত প্রযোজ্য। চারুকলা ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬ দশমিক ৫০ এবং পৃথকভাবে ৩ থাকতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়:

সর্বশেষ ভর্তি নীতিমালা অনুযায়ী, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ৩ এবং মোট ৭ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে ৩ দশমিক ৫০ এবং মোট ৮ প্রয়োজন। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ ভর্তি নীতিমালা এখনো নিশ্চিত হয়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়:

গত শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা অনুযায়ী, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং পৃথকভাবে ৩ দশমিক ৫০ প্রয়োজন ছিল। বিজ্ঞান বিভাগের জন্য মোট জিপিএ ৮ দশমিক ৫০ এবং পৃথকভাবে ৩ দশমিক ৫০ নির্ধারিত ছিল। এ ছাড়া এ ইউনিটে মোট জিপিএ ৮ দশমিক ৫০ ও পৃথকভাবে ৪ এবং ডি ইউনিটে মোট ৯ ও পৃথকভাবে ৪ প্রয়োজন ছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়:

গত শিক্ষাবর্ষের শর্ত অনুযায়ী, এ ইউনিটে মোট জিপিএ ৭ এবং পৃথকভাবে ৩; বি ও ডি ইউনিটে মোট ৬ এবং পৃথকভাবে ২ দশমিক ৭৫; সি ইউনিটে মোট ৬ দশমিক ৫০ এবং পৃথকভাবে ৩; ই ইউনিটে মোট ৫ দশমিক ৫০ এবং পৃথকভাবে ২ দশমিক ৫০ থাকতে হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট):

গত শিক্ষাবর্ষের ভর্তি শর্ত অনুযায়ী, এসএসসিতে জিপিএ ৪ এবং এইচএসসিতে জিপিএ ৫ প্রয়োজন ছিল। পাশাপাশি উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে জিপিএ ৫ থাকতে হতো।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট):

গত শিক্ষাবর্ষে এসএসসিতে ন্যূনতম জিপিএ ৪ প্রয়োজন ছিল। এইচএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে কমপক্ষে ৪ এবং ইংরেজিসহ চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ১৮ থাকতে হতো।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট):

গত শিক্ষাবর্ষের শর্ত অনুযায়ী, এসএসসিতে জিপিএ ৪ এবং এইচএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে মোট গ্রেড পয়েন্ট ১৪ প্রয়োজন ছিল। ইংরেজিতে থাকতে হতো কমপক্ষে ৩।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট):

গত শিক্ষাবর্ষে এসএসসিতে ন্যূনতম জিপিএ ৪ এবং এইচএসসিতে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে মোট গ্রেড পয়েন্ট ১৪ প্রয়োজন ছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:

গত শিক্ষাবর্ষে এ ইউনিটে মোট জিপিএ ৮ (এসএসসিতে ৪ ও এইচএসসিতে ৩) প্রয়োজন ছিল। বি ইউনিটে মানবিক বিভাগের জন্য মোট ৬ দশমিক ৫০ এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ৭ নির্ধারিত ছিল। সি ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ৭ এবং ডি ইউনিটে ৭ দশমিক ৫০ প্রয়োজন ছিল।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়:

গত শিক্ষাবর্ষের ভর্তি শর্ত অনুযায়ী, বিজ্ঞান বিভাগের এ ইউনিটে পৃথকভাবে জিপিএ ৩ দশমিক ২৫ এবং মোট ৭; মানবিক বিভাগের বি ইউনিটে পৃথকভাবে ৩ এবং মোট ৬; ব্যবসায় শিক্ষা বিভাগের সি ইউনিটে পৃথকভাবে ৩ এবং মোট ৬ দশমিক ২৫ প্রয়োজন ছিল।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:

গত শিক্ষাবর্ষে এ ইউনিটে পৃথকভাবে জিপিএ ৩ এবং মোট ৬ দশমিক ৫০ প্রয়োজন ছিল। এইচএসসিতে গণিতে কমপক্ষে ৩ থাকতে হতো। বি ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে ৩ এবং মোট ৬ প্রয়োজন ছিল।

কৃষি গুচ্ছ:

গত শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ৪ এবং মোট ৮ দশমিক ৫০ প্রয়োজন ছিল। পাশাপাশি জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে উত্তীর্ণ হওয়ার শর্ত ছিল।

বিশেষ দ্রষ্টব্য: এখানে উল্লেখিত জিপিএর শর্তগুলো মূলত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালার ভিত্তিতে দেওয়া হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর এসব শর্ত পরিবর্তিত হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।