বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত
চট্টগ্রামে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ট্যালেন্ট হান্ট-২০২৬। নগরের পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড এবং বায়েজিদ থেকে নয়ারহাট ও মুরাদপুর থেকে কুলগাঁও এলাকার কেজি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান ব্লু বার্ড গ্রামার স্কুলের সার্বিক ব্যবস্থাপনায় স্কুলটির পরীক্ষা কেন্দ্রে আয়োজিত এ ট্যালেন্ট হান্টে পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেয়। সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্রজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিবিজিএস ট্রাস্টের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ডা. মো. আব্দুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ফারুক আজম এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক নাজমুল হাসান রাকিব। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা কেন্দ্র পরিদর্শন করেন।
কেন্দ্র পরিদর্শনকালে আয়োজকেরা পরীক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতি আগ্রহ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
পরীক্ষা শেষে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর হাতে ব্লু বার্ড গ্রামার স্কুলের পক্ষ থেকে গিফট বক্স তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ থাকবে।