কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার কয়েকটি ইউনিয়নে টানা ১৫ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার সময়ে এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল ২০২৬) রাত ১০টার পর আকাশের বিরূপ আবহাওয়ার কারণ দেখিয়ে উপজেলার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে প্রায় ১৫ ঘণ্টা পার হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
এতে করে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও দুর্ভোগ নেমে এসেছে। অনেকেই অভিযোগ করেন, কোনো ধরনের পূর্বঘোষণা বা বিজ্ঞপ্তি ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে।
স্থানীয়দের দাবি, এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুতের এমন দীর্ঘ অনুপস্থিতি শিক্ষার্থীদের প্রস্তুতি ও পরীক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রাতে পড়াশোনা এবং পরীক্ষাকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫