ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য

আশুলিয়ায় শ্রমিকদল নেতাসহ ৪ মাদক কারবারি আটক। 

শাহীনুল হক
এপ্রিল ৪, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদক-শাহীনুল হক:  ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে জাতীয়তাবাদী শ্রমিকদলের এক নেতাসহ চার পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

আটককৃতরা হলেন- ঢাকার আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার মৃত ফালু মিয়ার ছেলে এবং আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের কার্যকরী সভাপতি মো. সামাদ ভূঁইয়া (৫২), বগুড়া জেলার গাবতলী থানার বেলতলা এলাকার মৃত আকরামুলের ছেলে এবং সামাদ ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া মো. সান্নান বাবু (৪২), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার উত্তর কাওন্নারা এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. কবির হোসেন (৩৭), একই থানার সাটুরিয়া বাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. আলামিন (৩৮)।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পেশাদার মাদক কারবারি ও শ্রমিকদল নেতা সামাদ ভূঁইয়া এবং তার বাড়ির ভাড়াটিয়া সান্নান বাবুকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

অপরদিকে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এসআই শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ধামরাইয়ের জগৎনগর এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারি কবির হোসেন ও আলামিনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাদের মধ্যে কবির হোসেনের বিরুদ্ধে চারটি ও আলামিনের বিরুদ্ধে দুইটি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।