ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

চট্টগ্রাম-১৩ আসনে দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন, খেলাফতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে জোটের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মুফতি ইমরান ইসলামবাদী। তাঁর মনোনয়ন প্রত্যাহারের ফলে এ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মুফতি ইমরান ইসলামবাদী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ১০ দলীয় জোট গঠনের পর জোট প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আনোয়ারা উপজেলা সভাপতি মোহাম্মদ ইমরান ইসলামবাদীকে চট্টগ্রাম-১৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল।

জোটের প্রার্থী হয়েও মনোনয়ন প্রত্যাহার করায় বিষয়টিকে জোটের স্বার্থে বড় ত্যাগ হিসেবে দেখছেন সমমনা রাজনৈতিক নেতারা। তাদের মতে, আসন সমঝোতার অংশ হিসেবে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ইমরান ইসলামবাদীর উদার মানসিকতার পরিচয় বহন করে। তরুণ রাজনীতিবিদ হিসেবে ভবিষ্যতে তাঁর উজ্জ্বল সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন তারা।

এদিকে জামায়াতের সাংগঠনিক শক্তি ও প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতাকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা। তাদের ধারণা, এ আসনে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজাম ও জামায়াত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর মধ্যে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।

মনোনয়ন প্রত্যাহারের পর মুফতি ইমরান ইসলামবাদী সাংবাদিকদের বলেন, “জোট আমাকে মনোনয়ন দিয়েছিল। তারপরও বৃহত্তর স্বার্থে আমরা জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমরা ইসলামপন্থী দল। জোটের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইসলামের স্বার্থে ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত। ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ এই আসনসহ ১০ দলীয় জোট বিজয় লাভ করবে।”

জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, “খেলাফত মজলিসের প্রার্থী আমাদের ভাই মুফতি ইমরান ইসলামবাদীকে জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। তবে জোটের বৃহত্তর স্বার্থে তিনি মনোনয়ন প্রত্যাহার করে আমাকে সমর্থন দিয়েছেন। আমরা তাঁর এই ত্যাগ কখনো ভুলব না। ইনশাআল্লাহ ইসলাম ও দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে আমরা বিজয়ের পথে এগিয়ে যাব।”

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।