প্রকাশকাল: ২৯ মে ২০২৬
ডাউনলোড: ২৯ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ঈদের ছুটিতে নিকলী হাওরে বাড়ছে দর্শনার্থীদের ভিড়

আল-আমিন হাসান

কিশোরগঞ্জের নিকলী হাওরে ঈদুল আযহার ছুটিকে কেন্দ্র করে বাড়তে শুরু করেছে দর্শনার্থীদের আনাগোনা। এখনো পুরোপুরি বর্ষার পানি না এলেও খোলামেলা প্রাকৃতিক পরিবেশ আর হাওরপাড়ের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে ভ্রমণপিপাসুরা আসছেন এখানে।

ঈদের ছুটি শুরুর পর থেকেই নিকলী হাওর এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে দেখা যায়। বিশেষ করে বিকেলের দিকে পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসা মানুষের ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে। কেউ সময় কাটাচ্ছেন হাওরপাড়ে, আবার কেউ ছবি তুলছেন খোলা প্রান্তরে।

ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী বলেন, শহরের যান্ত্রিক জীবন আর ব্যস্ততা থেকে কিছুটা স্বস্তি পেতেই তাঁরা নিকলী হাওরে এসেছেন। পুরোপুরি পানি না এলেও এখানকার উন্মুক্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য তাঁদের মুগ্ধ করেছে।

পর্যটকদের উপস্থিতিকে ঘিরে সড়কের পাশে অস্থায়ী বিভিন্ন দোকানও বসেছে। বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চলাচল। ফলে কিছু কিছু স্থানে ধীরগতির যান চলাচলের চিত্র দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পরিকল্পিতভাবে পর্যটন ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে নিকলী হাওর দেশের গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যগুলোর একটি হয়ে উঠতে পারে।