প্রকাশকাল: ১৮ জুলাই ২০২৬
ডাউনলোড: ১৯ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

মসূয়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ‘সালতানাতে খোরাসান’ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ‘সালতানাতে খোরাসান’ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধন করা হয়েছে। খেলাধুলার পাশাপাশি ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় মসূয়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও মসূয়া ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি হাসান আল মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কটিয়াদী উপজেলা শাখার অফিস সম্পাদক মাহমুদুল হাসান জুনায়েদ, মসূয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি আলী হায়দার, মসূয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আবু সাঈদ, সাবেক সভাপতি রাইহান উদ্দিন এবং ধূমকেতু শিল্পীগোষ্ঠীর পরিচালক আরিফুল হাসান জাহিদ।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে মসূয়া ইউনিয়নের আটটি ওয়ার্ড থেকে একটি করে মোট আটটি দল অংশ নিয়েছে। দলগুলোর নামকরণ করা হয়েছে ভারতীয় উপমহাদেশে শাসন করা আটজন ঐতিহাসিক মুসলিম শাসকের নামে, যা টুর্নামেন্টটিকে একটি ব্যতিক্রমী মাত্রা দিয়েছে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সম্রাট বাবর একাদশ ও মুহাম্মদ বিন কাসিম একাদশ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর ট্রাইব্রেকারে জয় পেয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে সম্রাট বাবর একাদশ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আট দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম রাউন্ডের চার বিজয়ী দল সেমিফাইনালে খেলবে। নির্ধারিত সময়ে কোনো ম্যাচ ড্র হলে ট্রাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।

টুর্নামেন্টের নামকরণের বিষয়ে আয়োজকরা বলেন, শুধু ফুটবল প্রতিযোগিতা নয়, বরং খেলাধুলার মাধ্যমে তরুণদের ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।