প্রকাশকাল: ২০ মে ২০২৬
ডাউনলোড: ২১ মে ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ওলীদ আবু বকরের অনুপ্রাণন

ওয়ালিদ আবু বকর

মিল্লাত ক্যাম্পাস মাঠে আছরের পর হাঁটছিলাম। হঠাৎ চোখে পড়লো— মাঠের এক কোণে দাঁড়িয়ে বারো-তেরো বছরের একটি ছেলে ক্লাস নাইনের রসায়ন বই পড়ছে।

কৌতূহলবশত এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, “তুমি কোন ক্লাসে পড়ো?”

ছেলেটি জানালো, সে ক্লাস ফাইভে পড়ে। পাশাপাশি হিফজ সম্পন্ন করে বর্তমানে শুনানি দিচ্ছে।

আমি বিস্মিত হয়ে আবার প্রশ্ন করলাম, “ক্লাস ফাইভের বিজ্ঞান বই রেখে তুমি ক্লাস নাইনের রসায়ন বই পড়ছো কেন?”

সে শান্তভাবে উত্তর দিলো, “আমার ক্লাসের বিজ্ঞান বই শেষ। তাই এখন রসায়ন পড়ছি। এটা পড়তে আমার খুব ভালো লাগে। নতুন নতুন অনেক কিছু জানতে পারি।”

তার হাত থেকে বইটি নিয়ে রসায়নের গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন করলাম। আশ্চর্যের বিষয়— তাৎক্ষণিকভাবে তিনটির মধ্যে দু’টির সঠিক উত্তর দিয়ে দিলো।

এরপর জানতে চাইলাম, “রসায়নের প্রতি তোমার এত আগ্রহ কেন?”

ছেলেটি দৃঢ় কণ্ঠে বললো, “আমি ভবিষ্যতে সাইন্টিস্ট হতে চাই।”

আরও জানালো, তার মা একজন স্কুল শিক্ষিকা। তিনিই তাকে বইটি এনে দিয়েছেন এবং পড়তে উৎসাহ দেন।

রসায়নের প্রতি তার আগ্রহ দেখে জিজ্ঞেস করলাম, “রসায়নের জনক কে?”

সে ঝটপট উত্তর দিলো, “জাবির ইবনে হাইয়ান।”

তার মেধা ও আগ্রহ দেখে আমি বললাম, “ইনশাআল্লাহ, তুমি হবে আগামীর জাবির ইবনে হাইয়ান।”

জাবির ইবনে হাইয়ান ছিলেন ইসলামের স্বর্ণযুগের একজন মহান বিজ্ঞানী, দার্শনিক ও রসায়নবিদ। তাঁকে আধুনিক রসায়নের অন্যতম পথিকৃৎ বলা হয়। তাঁর গবেষণা ও রচনাগুলো পরবর্তী সময়ে বিশ্ববিজ্ঞানে গভীর প্রভাব ফেলেছিল।

আমি ছেলেটিকে বললাম, একসময় মুসলিম উম্মাহ জ্ঞান-বিজ্ঞান, সভ্যতা ও সংস্কৃতিতে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু জ্ঞানচর্চা থেকে দূরে সরে যাওয়ার ফলে আজ আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। তাই ইসলামকে আবারও বিজয়ী শক্তি হিসেবে দেখতে হলে জ্ঞানের প্রতিটি শাখায় দক্ষতা অর্জন করতে হবে।

মুসলিম সভ্যতার গৌরবোজ্জ্বল ইতিহাসের কিছু কথা শুনিয়ে আলাপ শেষ করলাম।

তবে সবচেয়ে বেশি বিস্মিত হয়েছি অন্য একটি কারণে— যখন তার সমবয়সীরা মাঠে খেলায় ব্যস্ত, তখন সে মাঠের পাশে হেঁটে হেঁটে রসায়ন বই পড়ছে। তাকে দেখে মনে পড়ছিল থমাস আলভা এডিসনের সেই বিখ্যাত উক্তি— “প্রতিভা একভাগ, পরিশ্রম নিরানব্বই ভাগ।”

এ কোনো কল্পকাহিনি নয়; এটি দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান তা‘মীরুল মিল্লাতের এক ক্ষুদে শিক্ষার্থীর বাস্তব গল্প— যে গল্প দেশের লাখো কিশোরের জন্য হতে পারে অনুপ্রেরণার উৎস।


লেখক: ওলীদ আবু বকর
শিক্ষার্থী, অনার্স ১ম বর্ষ
তা‘মীরুল মিল্লাত।