প্রকাশকাল: ২০ সেপ্টেম্বর ২০২৬
ডাউনলোড: ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

ঢাবির সবুজ ঘাসে অআকখর পাঠচক্র

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরের সবুজ ঘাসে বই হাতে বসেছিলেন একদল তরুণ-তরুণী। চাকরির প্রস্তুতি কিংবা বিসিএসের গাইডের চেনা ব্যস্ততার বাইরে সেদিন তাদের আড্ডায় ছিল সাহিত্য, জীবন ও মুক্তবুদ্ধির চর্চা। ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত অআকখর তৃতীয় পাঠচক্রে আলোচনার কেন্দ্রে ছিল নোবেলজয়ী মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের কালজয়ী সৃষ্টি ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’।

‘চৈতন্যের অগ্রযাত্রায় পাঠচর্চা’ এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত পাঠচক্রে উঠে আসে বৃদ্ধ জেলে সান্তিয়াগোর একাকিত্ব, স্বপ্ন, সংগ্রাম ও টিকে থাকার অদম্য লড়াই। সান্তিয়াগোর জীবনসংগ্রামের সঙ্গে নিজেদের বাস্তবতার মিল খুঁজে নেন অংশগ্রহণকারীরা। আলোচনা গড়ায় মানুষের পরিশ্রম, প্রাপ্তি, বঞ্চনা ও অস্তিত্বের প্রশ্নে।

হেমিংওয়ের জীবন ও সাহিত্য নিয়েও ছিল গভীর আলোচনা। তাঁর বৈচিত্র্যময় জীবন, যুদ্ধ ও সাংবাদিকতার অভিজ্ঞতা, পরিব্রাজক সত্তা এবং অন্তর্গত নিঃসঙ্গতার প্রসঙ্গের সঙ্গে আলোচনায় আসে জীবনানন্দ দাশও। সাহিত্যিকের সৃষ্টিশীলতা, নিঃসঙ্গতা ও যথার্থ মূল্যায়নের প্রয়োজনীয়তা নিয়ে ভাবনার খোরাক পান উপস্থিত তরুণরা।

নতুন মুখের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। আলোচনায় অংশ না নিলেও অনেকেই পরবর্তী পাঠচক্রে প্রস্তুতি নিয়ে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

সবুজ ঘাসে বই, ভাবনা আর মুক্ত আলোচনার এই আয়োজন যেন মনে করিয়ে দিল,ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু কর্মজীবনের প্রস্তুতির জায়গা নয়; এটি স্বপ্ন, সাহিত্য ও মুক্তবুদ্ধিচর্চারও উন্মুক্ত প্রাঙ্গণ।