নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অর্থের অপব্যবহার ঠেকাতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুরু করে আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে (পি-টু-পি) টাকা স্থানান্তর বন্ধ থাকবে।
রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, নির্বাচনের সময় এমএফএস এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন আইবিএফটি লেনদেনের অপব্যবহার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিধিনিষেধ কার্যকর থাকবে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এছাড়া ভোটকে কেন্দ্র করে এমএফএস সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় সব ধরনের লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে বলা হয়েছে।
একই সঙ্গে এই ৯৬ ঘণ্টা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আইবিএফটি ব্যবহার করে পি-টু-পি লেনদেন পুরোপুরি বন্ধ থাকবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে।

