জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ হলের ছাদে মদ ও গাঁজা সেবনের সময় একদল শিক্ষার্থী ধরা পড়েছে। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা রয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটে সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে নবীনদের র্যাগ দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে হলে নির্বাচিত প্রতিনিধি ও কিছু শিক্ষার্থী সেখানে যান। এসময় পানির ট্যাংকের পাশে প্রায় ১৫ জন শিক্ষার্থীকে মদ ও গাঁজা সেবন করতে দেখা যায়। পরিচয় জানতে চাইলে তারা অস্বীকৃতি জানায় এবং পরে আক্রমণাত্মক আচরণ করে।
আটকদের মধ্যে ছাত্রদল নেতা মো. জাবেরসহ আইবিএ বিভাগের বিভিন্ন ব্যাচের কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। তাদের কাছ থেকে বাংলা মদ, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।
হল সংসদের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ বলেন, “আমরা তাদের হাতে-নাতে ধরি এবং প্রক্টর স্যারকে জানাই। নির্দেশ অনুযায়ী ভিডিও ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “ঘটনার খবর আমরা পেয়েছি। নিয়ম অনুযায়ী প্রমাণসহ তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রশাসন ব্যবস্থা নেবে।”

