গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশন’ আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ১১১ জন শিক্ষার্থীর হাতে বৃত্তি, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
হাফেজ মাবরুর আহমেদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফলাফলের ভিত্তিতে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করে দারুন্নাজাত মাদ্রাসা।
মাদ্রাসা বৃত্তি ফাউন্ডেশনের পরিচালক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “চরিত্র গঠনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অত্যধিক। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে মাদ্রাসা শিক্ষার্থীরা আর পিছিয়ে নেই। তাদের মেধা বিকাশে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত মাদ্রাসার শিক্ষার্থী সংকটের বিষয়টি উল্লেখ করে বলেন, “উপজেলার কিছু মাদ্রাসায় শিক্ষাকের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা অপ্রতুল। শিক্ষার মানোন্নয়নে এই সমস্যা দ্রুত নিরসন করা জরুরি।” অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।
সভাপতির বক্তব্যে মো. মাহমুদুল হাসান নতুন ঘোষণা দিয়ে বলেন, “এবছর থেকে ১ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরাও এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।” অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য উপজেলার ২০ জন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাহবুবুর রহমানের অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। সবশেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ রাইহান উদ্দিন এবং নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল কাইয়ুম মিয়াজী কর্তৃক গাজীপুর, ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত। ইমেইলঃ pagethenews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ “পেজ দ্যা নিউজ” কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত। © ২০২৫