প্রকাশকাল: ৭ জুলাই ২০২৫
ডাউনলোড: ২৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

এসএসসি,দাখিল ও সমমানের ফল প্রকাশের তারিখ চুড়ান্ত!

পেজ দ্যা নিউজ ডেস্ক

চলতি বছরের এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষার ফল ১০ অথবা ১১ জুলাই প্রকাশিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় এবং আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১১টার পর থেকে সারাদেশে একযোগে ফলাফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে বোর্ডগুলো।

গত ১৫ মে মাদ্রাসা বোর্ডের পরীক্ষার মধ্য দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়। সে অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এ বছর কিছুটা আগেই ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিভিন্ন বোর্ড ১৩ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব দিলেও শিক্ষা মন্ত্রণালয় তা এগিয়ে এনে ১০ অথবা ১১ জুলাইয়ের নির্দেশনা দিয়েছে।

এবার ফল প্রকাশের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। গত ১৫ বছরের রীতি অনুযায়ী, পূর্বে সরকার প্রধান বা প্রধান উপদেষ্টার কাছে পরীক্ষার সারসংক্ষেপ হস্তান্তর করা হতো। তবে এবার সেটি করা হবে না। কোনো শিক্ষা উপদেষ্টাও সংবাদ সম্মেলন করবেন না বলে জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে ফলাফল সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন হতে পারে।

প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা চলে ১৫ থেকে ২২ মে পর্যন্ত। এ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সব বিষয়ে পূর্ণ সিলেবাস, পূর্ণ নম্বর ও পূর্ণ সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।