প্রকাশকাল: ১০ জুলাই ২০২৫
ডাউনলোড: ২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা, দেবে গেছে খোয়াসাগর দিঘীর ওয়াকওয়ে।

পেজ দ্যা নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে তিন দিনের টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দেবে গেছে সদর উপজেলার দালাল বাজারের খোয়াসাগর দিঘী পার্কের ওয়াকওয়ে। বুধবার (৯ জুলাই) দুপুরে বিষয়টি নজরে আসে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ছড়িয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে পার্কে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।

একইসঙ্গে লাগাতার বৃষ্টিপাতে শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাড়ির উঠান এবং আমন ধানের বীজতলা পানির নিচে চলে গেছে। লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠ, কলেজিয়েট স্কুল মাঠ এবং পিটিআই মোড়ে সৃষ্টি হয়েছে এক থেকে দেড় ফুট জলাবদ্ধতা। পৌর এলাকার লামচরী, সমসেরাবাদ ও মজুপুরসহ বহু স্থানে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। অনেকের পুকুর ডুবে মাছ ভেসে গেছে। ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা ও খাল-ডোবা ভরাট হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ও চন্দ্রগঞ্জসহ আশপাশের এলাকাও পানিতে তলিয়ে গেছে।

রামগতির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনে মোট ৪২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি লঘুচাপের প্রভাবে এ বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান, দেবে যাওয়া ওয়াকওয়েতে প্রবেশ নিষেধ করা হয়েছে। এ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, ড্রেনেজ সংকট ও জলাবদ্ধতার পেছনে নাগরিক অসচেতনতা, খাল দখল এবং পুকুর ভরাট অন্যতম কারণ। পানি চলাচল স্বাভাবিক রাখতে খাল পরিষ্কার ও উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত বছর আগস্টে টানা বৃষ্টি ও ফেনী-নোয়াখালীর বন্যার পানিতে লক্ষ্মীপুরের প্রায় ৮ লাখ মানুষ দুই মাস পানিবন্দি ছিল।