ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরেই সোহাগকে হত্যা : পুলিশ
নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ফটকের সামনে গত বুধবার (৯ জুলাই) ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
আজ শনিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, “ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে ।”
ডিসি জসীম উদ্দিন বলেন, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মাহিন মামলার এক নম্বর আসামি।
সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছে পুলিশ।
লালবাগের ডিসি গণমাধ্যমকে বলেন, আসামিদের রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তবে সোহাগের হত্যাকান্ডের পেছনে কি শুধুই ব্যবসায়িক দ্বন্দ্ব, নাকি অন্য কোনো ঘটনা রয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। এ সময় চলমান এ তদন্তে কোনো রাজনৈতিক বিবেচনা আমলে নেওয়া হবে না বলেও নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামের ওই ভাঙারি ব্যবসায়ীকে হত্যা করা হয়।
তার নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে দেশজুড়ে শুরু হয় তোলপাড় শুরু হয়।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর কোতোয়ালি থানায় নিহতের বোন ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

