মাদ্রাসার মাঠে ধানের বীজ বপন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
পটুয়াখালীর বাউফল উপজেলার মধ্য নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসার খেলার মাঠে বোরো ধানের বীজ বপনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সহকারী মৌলভী জাকির হোসেনের বিরুদ্ধে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, কারণ মাঠটি ওই এলাকার একমাত্র খেলাধুলার জায়গা।
স্থানীয়রা জানান, জাকির হোসেন ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর সেক্রেটারি। তিনি গত সপ্তাহে মাদ্রাসার মাঠে ধানের বীজ ছিটিয়েছেন। এই ধান চারা হয়ে রোপণ উপযোগী হতে সময় লাগবে তিন মাসেরও বেশি। ফলে শিক্ষার্থী ও এলাকার কিশোরদের খেলাধুলা কার্যত বন্ধ হয়ে যাবে, যা শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখতে হবে।
অভিযোগ প্রসঙ্গে জাকির হোসেন বলেন, “আমি পূর্ব নওমালার বাসিন্দা। সেখানে জমিতে পানি জমে থাকায় মাঠে ধান বপন করেছি। সমস্যা হলে সরিয়ে নেব।”
তবে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ সেন্টু বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বাউফল উপজেলার একাডেমিক সুপারভাইজর ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরনবী জানান, “এটা সম্পূর্ণ বিধিবহির্ভূত। আমরা আজ বিষয়টি জেনেছি। দ্রুত মাদ্রাসাটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।”