ভর্তি কার্যক্রম শেষে ফিরছিলেন বাসায়, সড়কেই শেষ হলো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন—স্নেহা চক্রবর্তী (১৭), আফসানা জাহান খুশি (১৮) ও শফিকুল ইসলাম (৫৫)। আহতদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী ঐশী রানী পাল (১৮) ও অটোরিকশাচালক রসিদ মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সুনামগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। বাহাদুরপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র আঘাতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহত স্নেহা চক্রবর্তী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষে বাসায় ফিরছিলেন। তার বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে। অন্য শিক্ষার্থী আফসানা জাহান খুশি সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং পৌর শহরের আরপিননগর এলাকার বাসিন্দা। নিহত শফিকুল ইসলাম ছিলেন আলীপাড়া এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং চালক ও সহকারীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।