প্রকাশকাল: ৭ আগস্ট ২০২৫
ডাউনলোড: ১২ আগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ: স্থায়ী বহিষ্কার জামায়াত নেতা তৌহিদুল হক‌!

পেজ দ্যা নিউজ ডেস্ক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি: সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির তৌহিদুল হক চৌধুরীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় জামায়াতে ইসলামী। শনিবার উপজেলা রুকন সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কে‌ন্দ্রের এ সিদ্ধান্ত জা‌নি‌য়ে দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। সে সময় তিনি উপজেলা আমিরের দায়িত্বে ছিলেন। বহিষ্কারের পর তার রুকন (সদস্য) পদও বাতিল করা হয় এবং তিনি কোনো সাংগঠনিক দায়িত্ব পালন থেকে বিরত থাকেন।

পরবর্তী সময়ে কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে ‘পর্যবেক্ষণে’ রাখা হলেও দীর্ঘদিনেও শৃঙ্খলার উন্নতি না হওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব। বহিষ্কারের ফলে তৌহিদুল হক আর সংগঠনের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না বলে জানানো হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের বর্তমান আমির মাওলানা মিজানুর রহমান বলেন, “তৌহিদুল হক চৌধুরী এখন জামায়াতের কেউ নন। তার কোনো ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না। প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দফতরকে বিষয়টি জানানো হয়েছে।”

বহিষ্কারের কারণ জানতে চাইলে জামায়াতে ইসলামীর উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার সংক্ষিপ্তভাবে জানান, “সাধারণত শৃঙ্খলাভঙ্গের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সংগঠনের নীতির বাইরে।”

তবে বহিষ্কারের বিষয়টি অস্বীকার করেছেন তৌহিদুল হক চৌধুরী। তিনি বলেন, “আমি এখনো জানি না আমাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তবে দলীয় কার্যক্রমে অংশ না নিতে বলা হয়েছে মাত্র।”