প্রকাশকাল: ১৮ আগস্ট ২০২৫
ডাউনলোড: ১১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ শহর।

পেজ দ্যা নিউজ ডেস্ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১৮ আগস্ট) রাজধানীর শিল্পাঞ্চল তেজগাঁওয়ের বিজি প্রেস খেলার মাঠে বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ফাইনালে মুখোমুখি হয় সিরাজগঞ্জ শহর শাখা ও সিলেট জেলা পূর্ব শাখা। খেলায় সিরাজগঞ্জ শহর ৩-০ গোলে সিলেট জেলা পূর্বকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ১৩৮টি শাখার অংশগ্রহণে টুর্নামেন্টটি গত ১৫ জুন শুরু হয়। নক আউট পদ্ধতিতে আন্তঃশাখার মধ্যে অনুষ্ঠিত খেলাগুলোর মধ্য থেকে বিভাগীয় পর্যায়ের বাছাই শেষে সিরাজগঞ্জ শহর, সিলেট জেলা পূর্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফরিদপুর শহর—এই চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেয়। এর মধ্যে থেকে সেরা দুটি দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনর রশিদ রাফির সঞ্চালনায় ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান এবং সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের নেতৃবৃন্দ।

পূর্ব ঘোষণা অনুযায়ী চ্যাম্পিয়ন দলকে নগদ ৫০ হাজার ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা এবং উভয় দলকে মেডেল ও ট্রফি প্রদান করা হয়।