পাবনার সাঁথিয়ায় শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর স্মরণে গঠিত শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (২২ আগস্ট) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলে।
উক্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সহস্রাধিক নারী-পুরুষ, শিশু ও প্রবীণদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে দেখা যায়। স্থানীয় এলাকাবাসী এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬৮ পাবনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি বলেন—
“আমার শ্রদ্ধেয় পিতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সবসময় মানুষের কল্যাণে কাজ করার কথা বলতেন। তিনি বিশ্বাস করতেন মানবসেবাই সর্বোচ্চ ইবাদত। আজকের এই আয়োজন তাঁর আদর্শ ও নীতিরই প্রতিফলন।”
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি বলেন—
“মানবসেবার চেয়ে বড় কাজ আর নেই। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। এ ধরণের উদ্যোগ সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জন্য আশীর্বাদস্বরূপ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছোট ছেলে, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নাঈমুর রহমান খালেদ। তিনি বলেন—
“আমার বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণের জন্য আমরা এই ফাউন্ডেশন গড়ে তুলেছি। সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের অঙ্গীকার।”
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ উন্নয়নে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।