কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বে ছেলের হাতে মা-বোন নিহত
কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে মা ও মেয়েকে হত্যা করেছে এক যুবক। রোববার (৩১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৪০)। এ ঘটনায় লুৎফা বেগমের ছেলে শাহিন হোসেন (৩৮) ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করেছে পুলিশ।
নিহতের মেয়ে শিউলি আক্তার অভিযোগ করেন, শাহিন ও তার স্ত্রী নিয়মিত তাদের মা ও বোনের ওপর নির্যাতন চালাত। শনিবার বিকেলেও তারা মারধরের শিকার হন। রোববার দুপুরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
অভিযুক্তের চাচাতো ভাই মো. জসিম উদ্দিন জানান, দুপুরে শাহিন নিজেই জানায় তার মা ও বোন মারা গেছেন। পরে তারা গিয়ে খাটে মরদেহ দেখতে পান।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহিন ও তার স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।