প্রকাশকাল: ৩১ আগস্ট ২০২৫
ডাউনলোড: ২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

আশুলিয়ায় কুখ্যাত চাঁদাবাজ হাত কাটা টিপু আটক!

পেজ দ্যা নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উপকণ্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত চাঁদাবাজ ও সন্ত্রাসী ‘হাত কাটা টিপু’সহ তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বেলা ২টার দিকে জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল এ অভিযান পরিচালনা করে।

প্রাথমিকভাবে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানের মাধ্যমে টিপুকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

স্থানীয়দের ভাষ্যমতে, ‘হাত কাটা টিপু’ দীর্ঘদিন ধরে বাইপাইল-ডেন্ডাবরসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিল। দোকানদার, পরিবহন চালক, আড়তের শ্রমিক থেকে শুরু করে প্রায় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান থেকেই নিয়মিত চাঁদা তুলতো তার নেতৃত্বাধীন চক্র। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর, হুমকি এবং অস্ত্রের ভয় দেখানো ছিল তাদের নৈমিত্তিক কাজ।

ভুক্তভোগীদের কেউ কেউ তার ভয়ে এলাকা ছেড়ে মানিকগঞ্জের নিজ গ্রামে চলে যেতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। অতিষ্ঠ হয়ে একাধিকবার স্থানীয়রা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এক পর্যায়ে এলাকাবাসী কাফনের কাপড় মাথায় বেঁধে প্রতিবাদও করে।

গ্রেফতারকৃত অপর তিন সহযোগী হলেন:

  1. আমির হোসেন
    পিতা: মোঃ তাইজুল ইসলাম
    গ্রাম: মাধপুর, পোঃ: আলিয়া মাদ্রাসা
    থানা: মানিকগঞ্জ সদর, জেলা: মানিকগঞ্জ

  2. মোঃ নূর মোহাম্মদ
    পিতা: মোঃ দেলোয়ার হোসেন
    গ্রাম: নিহালপুর, পোঃ: তেওতা
    থানা: সিঙ্গাইর, জেলা: মানিকগঞ্জ

  3. মোঃ রহমতুল্লাহ শেখ
    পিতা: জামিল আহম্মেদ
    গ্রাম: চর মানিকদা, পোঃ: লতিফপুর
    থানা: গোপালগঞ্জ সদর, জেলা: গোপালগঞ্জ

অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মোবাইল ফোনসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান-পরবর্তী সময়ে বাইপাইল এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই যৌথ বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।