বোয়াইলমারী কামিল মাদরাসায় আরবি ভাষা কোর্সের শুভ উদ্বোধন
পাবনা প্রতিনিধি :পাবনার সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী কামিল মাদরাসায় আরবী ভাষা কোর্সের আয়োজন করা হয়েছে। গতকাল ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় মাদরাসার মিলনায়তনে কোর্সের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এ কোর্স চলবে আগামী ৬ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রিজু তামান্না। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং আরবি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়াইলমারী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল্লাহ। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “আরবী ভাষা শিক্ষা মুসলিম সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা ধর্মীয় জ্ঞানের পাশাপাশি বিশ্বজনীন জ্ঞান অর্জনের সুযোগ পাবে।”
কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম মাওলানা আহমেদ শাওকি আফিফি। তিনি জামিয়া শায়েখ মুহাম্মদ হাসান দাদাও আল ইসলামিয়া, বাংলাদেশের প্রিন্সিপাল। তিনি বিভিন্ন দেশে আরবি ভাষা প্রশিক্ষণ প্রদান করে থাকেন।
এ কোর্সের সমাপনী দিনে (৬ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত ৬৮ পাবনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।