ববিতে এক বছর মেয়াদী প্রকল্পে পিডি নিয়োগ তিন মাস পরে!
আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা তৈরির জন্য এক বছরের জন্য অনুমোদিত সমন্বিত ফিজিবিলিটি স্টাডি প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে প্রকল্প অনুমোদনের তিন মাস পর। নতুন পিডি হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোস্টাল এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব এস এম ইমরুল হাসানের স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে। এর আগে গত ১০ জুলাই শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পের জন্য ৩ কোটি ৯ লাখ টাকার অনুমোদন দিয়েছিল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বরাদ্দকৃত এই তহবিল থেকে শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ, শিক্ষক ও কর্মচারীদের আবাসন, চিকিৎসা, খেলাধুলা ও সাংস্কৃতিক সুবিধাসহ মোট ২৪টি খাতে ৩৩টি স্থাপনার সম্ভাব্যতা যাচাই করা হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত।

সম্ভাব্যতা যাচাইয়ের আওতায় রয়েছে একাধিক একাডেমিক ভবন, ছাত্র ও ছাত্রী হল, বিভিন্ন স্তরের শিক্ষক ও কর্মচারীদের জন্য বাসস্থান, মেডিকেল সেন্টার, গেস্ট হাউজ, গবেষণা কেন্দ্র, সিনেট ভবন, জিমনেসিয়াম, অডিটরিয়াম, ওপেন থিয়েটার, শহীদ মিনার, প্রাথমিক বিদ্যালয়, পুকুর নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ।
তবে প্রকল্প অনুমোদনের তিন মাস পার হওয়ার পরও পিডি নিয়োগ না হওয়ায় কাজের গতি ধীর হয়ে পড়েছে। পরিকল্পনা দপ্তরের কর্মকর্তারা বলছেন, জরুরি তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ শুরু না হলে প্রকল্পের সময়সীমায় সম্পন্নে সমস্যা হতে পারে এবং মেয়াদ বাড়ানোর প্রয়োজন পড়তে পারে।
নতুন পিডি ড. হাফিজ আশরাফুল হক জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকটের মাঝে এই প্রকল্প একটি আশার আলো। তিনি সময়মতো প্রকল্প শেষ করার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।