প্রকাশকাল: ২১ সেপ্টেম্বর ২০২৫
ডাউনলোড: ২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্সে পুলিশ শুন্য, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

পেজ দ্যা নিউজ ডেস্ক

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত পুলিশ বক্সটি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে সেখানে আর কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ পরিস্থিতি নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। বিশেষ করে সন্ধ্যার পর ক্যাম্পাস এলাকায় বাইরের লোকজনের অনিয়ন্ত্রিত চলাচল এবং অপরিচিতদের উপস্থিতি শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় হাজারো শিক্ষার্থীর জ্ঞানের কেন্দ্রস্থল। এখানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ বক্সে সদস্য না থাকলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। দ্রুত পর্যাপ্ত জনবল, নিয়মিত টহল, সিসিটিভি ক্যামেরা ও আলো ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

সোচ্চার ছাত্র সংগঠন স্টুডেন্টস’ নেটওয়ার্ক বরিশাল বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার-এর সভাপতি মুকুল আহামেদ বলেন, “একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘ সময় ধরে পুলিশ ফাঁড়িটি বন্ধ রয়েছে। এতে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক ও কর্মচারীরাও ঝুঁকির মধ্যে রয়েছেন।”

তিনি আরও বলেন, “প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি—পুলিশ ফাঁড়িকে দ্রুত পূর্ণাঙ্গভাবে সচল করতে হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, “আমরা আগেই স্থানীয় পুলিশের কাছে ক্যাম্পাসে ফোর্স চেয়ে চিঠি দিয়েছিলাম। তবে তখন জনবল ঘাটতির কারণে তারা ব্যবস্থা নিতে পারেনি। আমরা আবারও যোগাযোগ করব এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি।”

শিক্ষার্থীদের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে, যা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য।