প্রকাশকাল: ২২ সেপ্টেম্বর ২০২৫
ডাউনলোড: ২৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
বিস্তারিত অনলাইনে পড়ুন
pagethenews.com /pagethenews

পতেঙ্গার অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

পেজ দ্যা নিউজ ডেস্ক

মোঃ ওয়াহেদুল ইসলাম,(পতেঙ্গা প্রতিনিধি): চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা বর্তমানে চরম বেহাল। গর্তে ভরা, খানাখন্দে জর্জরিত সড়কগুলো চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি করছে সাধারণ জনগণের জন্য। বিশেষ করে টিএসপি থেকে পতেঙ্গা নেতার গলির দৃশ্যই এর একটি জীবন্ত উদাহরণ।

স্থানীয়রা অভিযোগ করছেন, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড কর্মকর্তারা সড়কগুলোর এই দুরাবস্থা সম্পর্কে অবহিত থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তারা প্রশ্ন তুলেছেন, ওয়ার্ডভিত্তিক কোনো সচিব বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নেই কি যাঁরা এই চিত্র সরাসরি মাননীয় মেয়রের কাছে উপস্থাপন করবেন এবং প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেবেন?

স্থানীয় প্রতিনিধি মোঃ ওয়াহেদুল ইসলাম বলেন, “কর্মই ভবিষ্যৎ নির্ধারণ করে। পতেঙ্গাবাসী চায়, কাজের মাধ্যমে নেতৃত্বের যোগ্যতার প্রমাণ। ওয়ার্ডের যাঁরা দায়িত্বে আছেন, তাদের কর্তব্য হচ্ছে অভ্যন্তরীণ সড়কগুলোর সমস্যাগুলো মাননীয় মেয়র মহোদয়ের নজরে আনা এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা করা।”

তিনি আরও বলেন, “প্রধান সড়কগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি নজরে থাকায় সেখানে যত্ন থাকে, কিন্তু অভ্যন্তরীণ সড়কগুলো স্থানীয় ওয়ার্ড প্রতিনিধিদের তত্ত্বাবধানে থাকা উচিত। দায়িত্বে অবহেলা করে মেয়র মহোদয়কে প্রশ্নবিদ্ধ করা কোনোভাবেই কাম্য নয়। আমরা আশাবাদী, কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে।”

এলাকাবাসীর দাবি, ভোগান্তি কমাতে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবিলম্বে পতেঙ্গার অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার কাজ শুরু হোক।