হানি ট্র্যাপে ফেলে ইন্সপেক্টরকে অপহরণ: নারীসহ চার অপহরণকারী গ্রেফতার
সাভার প্রতিনিধি: সাভারে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে মো. মেহেদী হাসান (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইন্সপেক্টর)-কে অপহরণ করেছে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র। অপহরণের প্রায় ২০ ঘণ্টা পর সাভার মডেল থানা পুলিশের অভিযানে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত নারী সদস্যসহ চার অপহরণকারীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর ২০২৫ (বুধবার) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে সাভার থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানা এলাকায় পাকা রাস্তা থেকে মেহেদী হাসানকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে মোবাইল ফোনে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
ভিকটিমের পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে, তাৎক্ষণিকভাবে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিঞার নির্দেশে এসআই জাকির আল আহসানের নেতৃত্বে একটি বিশেষ দল উদ্ধার অভিযানে নামে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘণ্টার চেষ্টায় পুলিশ ৩ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে সাভারের জামশিং এলাকা থেকে মেহেদী হাসানকে উদ্ধার করতে সক্ষম হয়। একই সময় চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. শরিফুল (২৫) – পিতা: মো. জয়নাল, গ্রাম: তালুকো, থানা: পীরগাছা, জেলা: রংপুর।
২. মো. জয়নাল (২৫) – পিতা: আ. হাকিম, গ্রাম: সতাং, থানা: পীরগাছা, জেলা: রংপুর।
৩. সকাল আনমনা (১৯) – পিতা: আ. রাজ্জাক, গ্রাম: দত্তপাড়া, থানা: ইশ্বরগঞ্জ, জেলা: ময়মনসিংহ।
৪. মো. কাওসার হোসেন কনক (২০) – পিতা: বজলুর মিয়া, গ্রাম: নাইরোন খোলা বাজার, থানা: নকলা, জেলা: শেরপুর।
উল্লেখ্য, অভিযুক্তরা সবাই বর্তমানে সাভারের রেডিও কলোনি ও গেন্ডা এলাকায় অবস্থান করছিল।
অভিযানে অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে। সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত অপহরণ মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানিয়েছেন, এ ধরনের চক্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। সাধারণ মানুষকে হানি ট্র্যাপ বা অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।